নালিতাবাড়ীতে ১০টি ড্রেজার মেশিন ধ্বংস

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩০

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি চেল্লাখালী নদী থেকে কতিপয় প্রভাবশালী ব্যবসায়ী দীর্ঘদিন যাবত্ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে পরিবেশের উপর মারাত্মক বিপর্যয় দেখা দেয়। এমন অবস্থায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০টি বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্যালোচালিত ড্রেজার মেশিন ধ্বংস করেছে। উপজেলার বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া, বাতকুচি ও পলাশীকুড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহমান চেল্লাখালী নদীতে অবৈধভাবে শ্যালো ড্রেজার দিয়ে প্রভাবশালী অসাধু ব্যবসায়ীরা বালু উত্তোলন করে আসছিলো। তারা নদীর তীর ভেঙে পাহাড় কেটে বড় বড় গর্ত করে বালু উত্তোলন করায় প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকিতে পড়ে। এরই প্রেক্ষিতে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতুড়ি দিয়ে ১০টি ড্রেজার মেশিন ধ্বংস করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং বড় বড় গর্ত করে নদীর গতিপথ পরিবর্তন করে ফেলছে। ফলে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।