মির্জাপুরে নকল ফুঁড়াডান কীটনাশকে হাটবাজার সয়লাব

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩১

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

চলতি বোরো মৌসুমে নকল ও ভেজাল ফুঁড়াডান (কীটনাশকে) হাট-বাজার সয়লাব হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাট-বাজার থেকে নকল ও ভেজাল ফুঁড়াডান (কীটনাশক) কিনে এলাকার কৃষকরা প্রতারিত হচ্ছে বলে অভিযোগ করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার উপজেলার বেশ কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে ও কৃষকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

এলাকার কৃষকরা জানান, উপজেলার পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে এসব নকল, ভেজাল ও নিম্নমানের ফুঁড়াডান (কীটনাশক) বিক্রি হচ্ছে অবাধে। প্রশাসনের চোখের সামনে নকল, ভেজাল ও নিম্নমানের ফুঁড়াডান (কীটনাশক) বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন বান্দরমারা গ্রামের কৃষক জাকির হোসেন, গেড়াকি গ্রামের কৃষক দৌলত খান ও শাহ আলী এবং বড়দাম গ্রামের কৃষক কামরুল হাসান অভিযোগ করেন, হাট-বাজার থেকে ফুঁড়াডান (কীটনাশক) কিনে তারা প্রতারিত হচ্ছেন। বোরো জমিতে পোকা দমনের জন্য পদ্মা অয়েল কোম্পানী লি. এর দানাদার কীটনাশক নিমাটোডনাশক কিনে তারা প্রতারিত হচ্ছেন। কীটনাশকের প্যাকেটের ভিতরে লাল বালির সঙ্গে রঙ মেশানো। এই কীটনাশকে পোকা দমন তো দূরের কথা একটি মশা-মাছিও মরছে না বলে তারা অভিযোগ করেন। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ফুঁড়াডান কীটনাশকের লেভেলের গায়ে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি লি. কেমিক্যাল ডিভিশন চট্টগ্রাম-ঢাকা, রেজিঃ-এপি-৪৯৯, (বিষ বিপজ্জনক)।

কৃষক জাকির হোসেন অভিযোগ করেন, এক কেজি ওজনের এক প্যাকেট ফুঁড়াডান (কীটনাশক) ১৬০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। অথচ এই কীটনাশক জমিতে দিয়ে কোনো সুফল পাচ্ছে না। তার মত শত শত কৃষক ফুঁড়াডান (কীটনাশক) কিনে প্রতারিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য এলাকার কৃষি মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা তার কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। পোকা দমনের জন্য পদ্মা অয়েল কোম্পানি লি. এর ফুঁড়াডান (কীটনাশক) গত ৭-৮ মাস ধরে উত্পাদন বন্ধ রয়েছে। এই সুযোগে একটি প্রতারক চক্র নকল ও ভেজাল ফুঁড়াডান (কীটনাশক) হাট-বাজারে ছেড়ে কৃষকদের প্রতারিত করছে। কৃষকরা যাতে আর প্রতারিত না হয় বিষয়টির গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।