ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোঃ জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে জিল্লুর রহমানের জন্মস্থান ভৈরবে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও ভৈরবের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে স্মরণসভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমনসহ দলীয় নেতাকর্মীরা। এসময় জিল্লুর রহমানের রাজনৈতিক জীবন আদর্শ নিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন নিরহংকারী, নির্লোভ ও দুর্লভ মনের মানুষ। একই সাথে তিনি ছিলেন সাদামাটা মনের মানুষ। যাকে ভৈরববাসী কোনোদিন ভুলতে পারবে না। পরে জিল্লুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ মোঃ জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় ভৈরব প্রেসক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে। এছাড়াও সকালে জিল্লুর রহমানের পরিবারের পক্ষ থেকে তার ভৈরবের বাসভবন আইভি ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
