কোটালীপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩৪

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থীদের গণসংযোগ। প্রার্থীদের কর্মী সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা কমল চন্দ্র সেন।

চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান হাওলাদার মঙ্গলবার সারাদিন উপজেলার হিরন, বর্ষাপাড়া, পোলশাইর, উনশিয়া, সিতাইকুন্ডসহ প্রায় ২০টি এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসসহ আওয়ামী দলীয় বিপুল নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন। এছাড়াও অন্য দুই প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস ও কমল চন্দ্র সেন উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম বলেন, সারাদেশে দলীয় মনোনয়নে নির্বাচন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার এ উপজেলায় কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এখানে তিনজন চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।