মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যাচেষ্টার মূলপরিকল্পনাকারী ডেমরায় গ্রেফতার

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৫:৫৭
মাদারীপুর সরকারি নাজিমুদ্দীন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টার মূলপরিকল্পনাকারী খালেদ সাইফুল্লাহকে (২৬) রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট তাকে গ্রেফতার করে।
 
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গত ১৫ জুন বিকালে কলেজ থেকে বাসায় ফেরার সময় ফাহিমসহ তিন সন্ত্রাসী রিপন চক্রবর্তীকে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা ফাহিমকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার তিন দিনের মাথায় ১৮ জুন পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় ‘বন্দুকযু্দ্ধে’ মারা যায় ফাহিম। 
 
রিমান্ডে ফাইম জানিয়েছিলেন এই হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী ও তার তিন সহযোগীর নাম। পরে বিষয়টি কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করে ডেমরা থেকে এই হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী খালেদ সাইফুল্লাহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খালেদ সাইফুল্লাহ হিজবুত তাহরীর সদস্য। তবে তার সঙ্গে জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পর্ক থাকতে পারে।