নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই বাড়ির ৮টি বসতঘর ভস্মীভূত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামে বিনোকদিয়া বাজারসংলগ্ন ব্যাপারী বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জদ্দিন ব্যাপারীর স্ত্রী তৃষ্ণা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বলে জানা যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ৮টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সালথা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়াও পার্শ্ববর্তী বিনোকদিয়া বাজারের কাঁচা তরকারি বিক্রির ৮টি টংঘর ভস্মীভূত হয়। এলাকাবাসী জানায়, তোতা ব্যাপারীর রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
অপর দিকে, সালথা উপজেলার ভাওয়াল গ্রামের ছলে মাতুব্বরের বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি গরু ও দুটি ছাগল ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ছলে মাতুব্বরের গরুর ঘরের মশা তাড়ানো কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
