ভাষণ দিতে দিতে বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে এবং ভালো কথার মজুদও শেষ হয়ে গেছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানয়তনে ‘সড়ক স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবীদের কথা কম বলে বেশি করে কাজ করার উপদেশও দেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘ভাষণ দিতে দিতে এ দেশে অনেক ক্ষতি হয়েছে। ভালো কথার স্টক ফুরিয়ে গেছে। মানুষ যত কথা বলছে, তত ভালো কাজের দৃষ্টান্ত কম।’
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে রাজধানীর ১৬টি পয়েন্টে এক হাজার রোভার স্কাউটকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে ঈদের দিন সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন তিন শিফটে ভাগ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগী হিসেবে কাজ করবেন এই স্বেচ্ছেসেবীরা।
