পানিতে ডুবে প্রাণ হারাল একই পরিবারের ৩ শিশু

আপডেট : ০১ জুলাই ২০১৬, ২০:৩২
 
চট্টগ্রামের পটিয়া উপজেলার জুলধা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। 
 
নিহত শিশুরা হলো- জুলধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিনমজুর আইয়ুব আলীর মেয়ে শাহনাজ আকতার (১৫), নারগিস আকতার (৮), তাজু আকতার (৫)। শাহনাজ স্থানীয় জুলধা শাহমীরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী, নারগিস আকতার ব্রাক পরিচালনাধীন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। 
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শফি চেয়ারম্যানের বাড়ি এলাকায় দিনমজুর আইয়ুব আলীর বসবাস। আইয়ুব আলীর ওই তিন শিশু বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের গোসল করতে যায় তাজু। এ সময় তাজু পুকুরে ডুবে গেলে তাজুর বড় দুই বোন শাহনাজ ও নারগিস তাকে উদ্ধার করতে পানিতে নামলে তিনজনই পানিতে ডুবে মারা যায়।
 
এ ব্যাপারে স্থানীয় জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানান, একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু খুবই দুঃখজনক। তিনি ৩ শিশুর দিনমজুর বাবার পাশে থেকে সহযোগীতা করার আহ্বান জানান।