রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকারা মোড় থেকে ৪১ ভরি ওজনের ভারতীয় স্বর্ণালংকারসহ এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চলাচলরত বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকারসহ আ. করিম নামের যাত্রীকে গ্রেফতার করা হয়। আ. করিম কুমিল্লার মুরাদনগর উপজেলার বইয়াকুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
হাইওয়ে পুলিশের ফরিদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা হাইওয়ে থানার পুলিশ বাসটি তল্লাশি করে ভারতীয় স্বর্ণালংকারসহ আ. করিমকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, স্বর্ণালংকারগুলো সে ভারত থেকে সংগ্রহ করে চোরা পথে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
পাংশা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকারসহ গ্রেফতারকৃত আঃ করিমকে কালুখালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হবে।
