নিহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারে: আইএসপিআর

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৮:৪৬
গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলায় নিহত সবাই বিদেশি বলে জানালেও আইএসপিআর থেকে পরে বলা হয়েছে, এর মধ্যে কয়েকজন বাংলাদেশিও থাকতে পারে।
 
নিহতদের মধ্যে বাংলাদেশি রয়েছেন বলে তাদের পরিবার নিশ্চিত করার প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় আইএসপিআরের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
 
এর আগে দুপুরে সেনা সদরে সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, হলি আর্টিজান বেকারিকে কমান্ডো অভিযানে জঙ্গিমুক্ত করার পর ২০টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বিদেশি এবং তাদের ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী। এর মধ্যেই ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ এবং ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীরের মৃত্যুর খবর জানায় তাদের পরিবার।