গুলশানে হামলাকারীরা জঙ্গি হিসেবে পুলিশের তালিকাভুক্ত ছিল বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক।
শুক্রবার গুলশানে ওই হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার মো. রবিউল করিম ও বনানী থানার ওসি সালাউদ্দীন খানের জানাজা শেষে পুলিশ প্রধান একথা বলেন।
রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। বের করা হয় ২০টি মৃতদেহ, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক।
এ সময় কমান্ডোদের গুলিতে ছয় জঙ্গি নিহত হন। এছাড়া সেখান থেকে এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
আইজিপি বলেন, অভিযানে নিহতরা তালিকাভুক্ত জঙ্গি ছিল। কোনো হামলার ঘটনা ঘটলে আইএস দায় স্বীকার করে। আমেরিকায় হামলার ঘটনা ঘটলেও আইএস দায় স্বীকার করে। আইএসের দায় স্বীকারের লিংক খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
এর আগে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর আরও কয়েকটি হামলায় আইএসের নামে দায় স্বীকারের খবর এলেও তা নাকচ করে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেশীয় জঙ্গিরা এগুলো ঘটিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর নাম দিচ্ছে।
