গুলশান হামলায় নিহতদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:০৮
 
রাজধানীর গুলশানে হলি আর্টিজেন বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ নিহতদের স্বজনেরা। সোমবার সকাল ১‌০টার দিকে বনানী আর্মি স্টেডিয়ামে রাখা মরদেহগুলোর প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়।
 
এ সময় মন্ত্রিপরিষদ সদস্যরা, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, সেনাপ্রধান, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাব মহাপরিচালক উপস্থিত ছিলেন।
 
শ্রদ্ধা জানানোর সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী ঘুরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
 
প্রধানমন্ত্রীর পর ভারত, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর নিহতদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। এর পর মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জানান।