নিহত জঙ্গি খায়রুলের বাড়ি বগুড়া, বাবা-মা আটক

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:২৬
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞে যেসব জঙ্গি অংশ নিয়েছিলেন তাদের একজনের নাম খায়রুল। গণমাধ্যমে তার ছবি দেখে বাবা-মা ও প্রতিবেশীরা খায়রুলকে চিনতে পারেন। খায়রুল বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপনিগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের দিনমজুর আবু হোসেনের ছেলে। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে খায়রুল বড়।
 
রবিবার সন্ধ্যায় খায়রুলের বাবা আবু হোসেন ও মা পেয়ারা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাদিয়া কাওমি মাদরাসা থেকে পড়াশুনা শুরু করেন। পরে বিহিগ্রাম ডিইউ সেন্ট্রাল ফাজিল মাদরাসা থেকে দাখিল পাস করেন।
 
চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী জানান, প্রথমে গণমাধ্যমে ছবি দেখেই গ্রামে জানাজানি হয়। রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ একটি ছবি নিয়ে বাড়িতে আসেন। প্রথমে তার বাবা-মা ছবিটি চিনতে পারছেন না বলে জানান। পুলিশ কর্মকর্তারা খায়রুলের ছবি দেখতে চাইলে বিষয়টি বেরিয়ে আসে। পরে পুলিশ খায়রুলের মা-বাবাকে আটক করে নিয়ে যায়।
 
খায়রুলের মা পেয়ারা বেগম এ সময় পুলিশকে জানায়, এক বছর ধরে খায়রুল বাড়ি থেকে নিখোঁজ ছিল। আট-নয় মাস আগে হারানো বিজ্ঞপ্তি দেয়ার জন্য স্থানীয় সাংবাদিকদের কাছে গেলে থানায় জিডির কথা বলা হয়। এরপর আর জিডি করা হয়নি।
 
বগুড়া জেলা পুলিশের জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার  (সিনিয়র এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান নিহত জঙ্গী খায়রুলের বাবা-মাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।  খায়রুলের বোন এবং ভগ্নিপতিকেও জিজ্ঞাসাবাদ শেষে রবিবার রাতেই তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে খায়রুলের বাবা-মা কে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। কিন্তু কোথায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে নিশ্চিত হবার জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
 
উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌণে নয়টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা।