গাজীপুর: নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে এগারটার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সিটি কলেজসহ আশপাশের বেশ কয়েকটি স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে চান্দনা চৌরাস্তায় এসে জড়ো হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চান্দনা চৌরাস্তা এলাকায় চারটি সড়কে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাসন থানার ওসি মুক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১২টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় —ইত্তেফাক
