টাঙ্গাইলে আটক জেএমবি'র নারী সদস্যরা কারাগারে

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ২০:৪৫
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা থেকে আটক জেএমবি'র সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
 
তাদের বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাদের তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গতকাল সোমবার রাতে পুলিশ তাদেরকে আটক করে। কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার সঙ্গে জড়িত জেএমবির একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান জানা যায়। সোমবার রাতে কালিহাতির যোকারচর রেলগেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা হলো- রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতি ওরফে জেমি (১৮)।
 
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি চাকু, মোবাইল ফোন, মানুষ জবাই করার জিহাদি ভিডিওচিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়। সূত্র জানায়, গ্রেফতারকৃত রোজিনা বেগমের স্বামী মোখছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ (৩৫)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম রাখবপুর ভূতমারা গ্রামে। সাজিদা আক্তারের স্বামী নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান (২৯)। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ছোবাহার গজপুরী গ্রামে। জান্নাতি ওরফে জেমির স্বামী আবু সাইদ ওরফে সবুজ (২৪)। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগরা কুসুমদী গ্রামে। রোজিনার সঙ্গে তার দুই শিশু সন্তান এবং জান্নাতি ওরফে জেমির সঙ্গে এক শিশু সন্তান রয়েছে। খবর- বাসস।