দশ টাকা দিলে ট্রেনের বগিতে জায়গা মিলে!

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:১৮

 ‘জায়গা লাগবে জায়গা! ১০ টাকা দিলে ট্রেনে জায়গা পাবেন’ - যাত্রীদের ট্রেনে জায়গা দেওয়ার অজুহাতে অসাধু কর্মচারীরা পাওয়ার বগিতে ওঠা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা হাতিয়ে নিচ্ছে। উল্লেখ্য, ট্রেনের বিভিন্ন দায়িত্বে থাকা স্টাফরা স্টেশনে ট্রেন থামলে পাওয়ার কার বগিতে আসে, সাধারণ যাত্রীদের তাতে ওঠা নিষিদ্ধ।  রেলওয়ে কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হলে তারা অধিকাংশ সময়েই বলে থাকেন ‘বিষয়টি আমার জানা ছিল না।’ এভাবেই এক অচলায়তনে আটকা পড়ে আছে পুরো বিষয়টি।

ঢাকার কমলাপুর থেকে ৭.৩০ মিনিটে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে আসে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রেনের যাত্রী টিকিট নিয়ে পাওয়ার বগিতে ওঠার পর টিকিট থাকা সত্ত্বেও তাকে অতিরিক্ত ১০ টাকা দিতে হচ্ছে বগির দায়িত্বে থাকা মেশিন মেকানিক ফারুক, রাকিবসহ বেশ কয়েকজনের একটি চক্রকে। কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশন থেকে  দুই শতাধিক যাত্রী ট্রেনে ওঠে। এসকল যাত্রীর কাছে টিকিট থাকা সত্ত্বেও রেলের অসাধু কর্মচারীরা জোরপূর্বক তাদের কাছ থেকে অতিরিক্ত ১০ টাকা করে নিচ্ছে। জানা যায়, এই বগিতে যাত্রী তুলে রেলওয়ের অসাধু কর্মচারীরা মাসে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এই টাকা নেয়ার বিষয়টি ট্রেনের টিটিরাও জানেন। সাধারণ যাত্রীরাও সবই দেখছেন। কিন্তু ট্রেনের পাওয়ার বগিতে ওঠার কারণে টাকা দেওয়া ছাড়া কিছু করার থাকে না তাদের।

এমন অনিয়মের বিষয়ে নারায়ণগঞ্জ রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চলাচল করে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো যাতে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়।