চাকসু নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:৪২

ডাকসু নির্বাচনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার হল প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র জানায়, আলোচনা সভায় হলগুলোর প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সবাই চাকসু নির্বাচনের পক্ষে মত দেন। নীতিমালা প্রণয়নের বিষয়ে শীঘ্রই একটি ছোট কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, চাকসু নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের নীতিমালাগুলো অনেক পুরানো, তাই এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের জন্য বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হবে। নীতিমালা হওয়ার পরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। উল্লেখ্য, সর্বশেষ ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে চাকসু নির্বাচন হয়।