বাঘাইছড়ির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটির বৈঠক, মামলা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:৪৪

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাতজনকে ব্রাশফায়ার করে হত্যার ঘটনা তদন্তে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে রাঙ্গামাটি সার্কিট হাউজে গতকাল বুধবার সাত সদস্যের কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত দেড় ঘণ্টা এই বৈঠক চলে। বৈঠকে তদন্ত কমিটির করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে ব্রাশফায়ারে সাতজন নিহত হওয়ার ঘটনার তিনদিনের মাথায় গতকাল সন্ধ্যায় মামলা হয়েছে। বাঘাইছড়ি থানার এসআই আকতার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাঘাইছড়ি থানার ওসি এম এ মঞ্জুর জানান, মামলায় অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন (সদস্য প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, মেজর আশরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মোঃ নুরুল আমিন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম।

তদন্ত কমিটি আজ বাঘাইছড়ি উপজেলায় হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে। একইসঙ্গে হতাহতদের জানমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। এছাড়া ভবিষ্যতে এ ধরণের সহিংসতা প্রতিরোধ প্রয়োজনীয় সুপারিশমালা পেশ করবে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে।