আবারো ফুঁসে উঠেছে ভারতের ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের (এফটিআইআই) শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অপসারণ ও মৌলিক কাঠামোয় পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছে।
প্রতিষ্ঠানটিতে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে অযোগ্য দাবি করেছে ছাত্র-ছাত্রীরা। তার অপসারণে শিক্ষার্থীরা গত বছর জুনে বিক্ষোভ করে। প্রায় দুই'শ শিক্ষার্থীর এই আন্দোলনের ফলে ১৩৯ দিন ফিল্ম স্কুল বন্ধ ছিল তখন।
এক বছর পর আবারো একই কারণে শিক্ষার্থীদের ভেতরে অসন্তোষ দানা বেঁধেছে।
সাবেক ছাত্র ইউনিয়নের নেতা অজয় দত্ত (২৮) বলেন, যদি পরিবর্তন আনা হয় তাহলে শুধু কাঠামোগত পরিবর্তনই আসবে না, শিল্পীদের পরিবর্তে যন্ত্রবিদই বেশি তৈরি হবে। এদিকে গত ৬ জুলাই স্কুলের গভর্নিং কাউন্সিল আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি অনুমোদন দিয়েছে বলে জানান চেয়ারম্যান গজেন্দ্র চৌহান। স্কুলের পরিচালক ভুপেন্দ্র কান্থোলা বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে এবং ছাত্র-ছাত্রীদের পক্ষেই তারা পদক্ষেপ নিয়েছেন।
সম্প্রতি ইনস্টিটিউটে তিনটি নতুন বিষয় খোলা হয়েছে। বিষয়গুলো হলো-পরিচালনা, শব্দ নকশা, চিত্রগ্রহণ ও সম্পাদনা। তাছাড়া নতুন যে প্রস্তাব করা হয়েছে তাতে শর্ট কোর্স চালু করা হয়েছে, যা বেসরকারি প্রডাকশন হাউজগুলোর আয়ের উপায় তৈরি করে থাকবে। এদিকে ক্রেডিট সিস্টেম চালু করা ছাড়াও ইনস্টিটিউটকে অনাবাসিক করার কথাও বলা হচ্ছে। সম্প্রতি হোস্টেলের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এসব ছাত্র-ছাত্রীদের বেশিরভাগ দরিদ্র পরিবারের সন্তান। সূত্র: বিবিসি
