পাকিস্তানের প্রখ্যাত সমাজসেবী আব্দুল সাত্তার ইদির মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৮:২৫
পাকিস্তানের প্রখ্যাত সমাজসেবী আব্দুল সাত্তার ইদি (৮৮) আর নেই। শুক্রবার রাতে তিনি মারা যান বলে জানা গেছে। ইদির পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করাচির এক মেডিকেল সেন্টারে তিনি মারা গেছেন।
 
দরিদ্রদের জন্য জীবন উত্সর্গকারী ও দেবতাতুল্য হিসেবে পাকিস্তানে পরিচিত আব্দুস সাত্তার ইদি।
 
গেল কয়েক সপ্তাহ ধরে করাচির মেডিকেল সেন্টারে চিকিত্সাধীন ছিলেন ইদি। যুবক বয়সেই তিনি সমাজসেবার কাজ শুরু করেছিলেন। তার নামে প্রতিষ্ঠিত ইদি ফাউন্ডেশন এখন বিশাল এক সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠান বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, এতিমখানা, বৃদ্ধনিবাস, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, স্কুল ও হাসপাতাল পরিচালনা করে থাকে।
 
তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন।
 
ভারতের গুজরাটের এক বণিক পরিবারের সন্তান ইদি ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন।