সিলেটে বড় ভাইয়ের হাতে ২ ভাই খুন

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:৩১
 
সিলেটের গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ছোট দুই ভাই খুন হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই বুধবার। তবে শনিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ দুই সহোদর আজিজুর রহমান (১০) ও মতিউর রহমানের (৮) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে ঘাতক বড় ভাইকে আটক করলে তিনি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন।
 
এলাকাবাসী জানান, গত বুধবার দুপুর ২ টার দিকে গোয়াইনঘাট উপজেলার লক্ষ্মীনগর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে নুরুল ইসলাম (২৫) বেড়ানোর কথা বলে তার ছোট ভাই আজিজুর ও মতিউরকে নিয়ে বের হয়। পরে উপজেলার মান্নান বিলে তাদেরকে নিয়ে গলা টিপে হত্যা করে পানিতে ফেলে দেন। পরে তিনি নিজেও পালিয়ে যান। পরে বুধবার রাতেই স্থানীয়দের সহযোগিতায় একই উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রাম থেকে ঘাতক নুরুলকে আটক করে পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা। 
 
পুলিশের জিজ্ঞাসাবাদে সহোদরদের হত্যার বিষয়টি স্বীকার করেন নুরুল। শনিবার সকালের দিকে মান্নন বিলে দুই সহোদরের লাশ ভেসে ওঠলে গোয়াইনঘাট থানা পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠায়। 
 
তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা এখনো জানা যায়নি।