জেল সুপার ও জেলারের বাসভবনের সামনে দু’ দফা বোমা হামলার পর এবার খুলনা জেলা কারাগারের অফিস চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও কারাগারের কর্মকর্তা-কারারক্ষী ও বন্দীসহ পার্শ্ববর্তী এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জেলা কারাগারের সুপার মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর কারাগারের স্বাভাবিক পরিবেশ বজায় ছিল। কারারক্ষীরাও যথাযথ নিরাপত্তায় ছিলেন। হঠাত্ করে রাত ৭টা ৫৫ মিনিটের সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাইরে মেইন রোড থেকে কে বা কারা এটি নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে ককটেলটি কারাগারের বহির্বিভাগের গেটের ভেতরের একটি নীম গাছে লেগে বিস্ফোরিত হয়। এতে কেউ আহত হয়নি। তবে কারাভ্যন্তরের প্রধান গেট সুরক্ষিত ছিল বলেও জানান তিনি।
