স্বাস্থ্য অধিদফতরের সাবেক হিসাব রক্ষক আফজাল হোসেনের খুলনায় মালিকানাধীন দুটি প্লট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) মুজগুন্নী আবাসিক এলাকার ৬৫১ ও ৬৫২ নম্বর প্লট দুটি ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দুদকের কর্মকর্তারা। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান জানান, ঢাকা থেকে আফজাল হোসেনের দুটি প্লট ক্রোকের নির্দেশ আসার পর তারা অভিযান শুরু করে। তারা জানতে পারে নগরীর খালিশপুর মৌজার মুজগুন্নী আবাসিক এলাকায় আফজাল হোসেনের ৫ দশমিক ৪৫ কাঠা এবং ৩ দশমিক ৩৪ কাঠার দুটি প্লট রয়েছে। প্লট দুটি বর্তমানে ফাঁকা পড়ে আছে। সেখানে মাল ক্রোকের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ মার্চ রাজধানীর উত্তরায় আফজাল হোসেনের পাঁচতলা ও ছয়তলা দুটি বাড়ি ক্রোক করে দুর্নীতি দমন কমিশন।
