সিরিয়ায় রুশ হেলিকপ্টার ভূপাতিত, ২ পাইলট নিহত

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:১৯
 
সিরিয়ার হোমস প্রদেশে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর আক্রমণে একটি রাশিয়ান হেলিকপ্টার ভূপাতিত হয়েছে এবং এর দুই চালক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার পূর্বে শুক্রবার এমআই-২৫ হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। নিহত দুই পাইলটের নাম রিফাগাত খাবিবুলিন এবং ইয়েভগেনি দোলগিন। সিরিয় সরকারের অনুরোধে ওই এলাকায় আইএস বিরোধী অভিযান পরিচালনা করছিল এটি।
 
হামলার ভিডিও প্রকাশ করেছে আইএস। রুশ বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়ার আগে হেলিকপ্টারের ক্রুর দক্ষ তৎপরতার কারণে ওই এলাকায় আইএসের হামলা ঠেকিয়ে দেয়া সম্ভব হয়েছে।
 
মার্কিন নির্মিত টিওডব্লিউ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে। বিবিসি।