কম্বোডিয়ার প্রখ্যাত রাজনৈতিক প্রচারক ও সরকারবিরোধী সমালোচক কিম লি’র অন্ত্যেষ্টিক্রিয়ায় সোমবার হাজারো শোকার্ত মানুষ অংশ নিয়েছে।
রবিবার রাজধানী নমপেনের এক কফিশপে প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে হত্যা করা হয়। দেশটির প্রধানমন্ত্রী এ ঘটনার বিচার করার অঙ্গীকার করেছেন।
কিম লি’র অস্বাভাবিক মৃত্যুতে শোকার্ত হয়ে উঠেছে পুরো জাতি। একইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনীতিকদের মধ্যকার দ্বন্দ্ব ও উত্তেজনা আরো তীব্র রূপ নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কম্বোডিয়ার জাতীয় পতাকায় ও ফুলে ফুলে ঢাকা কিম লি’র মরদেহ নমপেনের একটি উপাসনালয়ে রাখা হয়। সেখানে ব্যাপক সংখ্যক বৌদ্ধ ভিক্ষু তার প্রতি শ্রদ্ধা জানান। এদের অধিকাংশের পরনে ছিল সাদা কালো পোশাক।
প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, একজন শোকার্ত সমর্থক হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে মরদেহের সামনে এসে ব্লেড দিয়ে নিজের বাহু নিজে কেটে ফেলেন। তবে পুলিশ পরে ওই লোককে গ্রেফতার করে।
প্রধানমন্ত্রী সোমবার এ হত্যাকাণ্ডকে ‘বর্বরোচিত’ বলে বর্ণনা করে বলেন, ঘটনার নেপথ্যে যেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।
