হোম গ্রাউন্ড বা ঘরের মাঠ বলতে যা বোঝায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ঠিক সেই অর্থে মুমিনুল হকের ‘ঘরের মাঠ’ নয়। মুমিনুলের বাড়ি সৈকত শহর কক্সবাজারে। সাগরিকার এই মাঠ থেকে যার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। তবে চট্টগ্রামে একের পর এক যেভাবে কীর্তি রচনা করে চলেছেন ২৭ বছরের এই যুবক, এরপর তাকে ঘরের ছেলে না বলে আর উপায় কি। ক্যারিয়ারের আটটি টেস্ট সেঞ্চুরির মধ্যে ছয়টিই যিনি করেছেন এই সাগরিকায়। তাকে চট্টগ্রামের মানুষ সারাজীবন কোলেপিঠে করে রাখবেন-এমনটা ভাবা নিশ্চয়ই অন্যায় হবে না।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল। এটি ছিল সাগরিকায় তার হ্যাটট্রিক সেঞ্চুরি। অষ্টম এই সেঞ্চুরির ভেতর দিয়ে আরও কিছু রেকর্ড স্পর্শ করলেন এই ব্যাটসম্যান। এখন তিনি তামিম ইকবালের সাথে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। এ ছাড়া চলতি ২০১৮ সালে তিনি বিরাট কোহলির সাথে যৌথভাবে বিশ্বের সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছেন। কোহলি ও মুমিনুল ছাড়া এ বছর এখনও কেউ দুইয়ের বেশি সেঞ্চুরিও করতে পারেননি। তবে ইনিংসের হিসাবে কোহলির চেয়ে এগিয়ে রয়েছেন মুমিনুলই। টেস্টে চারটি সেঞ্চুরি পেতে কোহলিকে খেলতে হয়েছে ১৮ ইনিংস। মুমিনুল এই রেকর্ড গড়েছেন ১৩ ইনিংসেই।
ক্যারিবিয়ান বোলারদের নির্বিকারে পিটিয়ে ৬৯ বলে ৭ চারের মারে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। দ্বিতীয় পঞ্চাশ করতে খেলেন ৬৭টি বল। আগের ওভারে লেগস্পিনার দেবেন্দ্র বিশুকে বিশাল ছক্কা মেরে ৯২ থেকে ৯৮ রানে পৌঁছে যান। পরের ওভারে রস্টোন চেজ এর একটি ডেলিভারি বাউন্ডারির বাইরে পাঠিয়ে নিজের অষ্টম ও সাগরিকায় ষষ্ঠ সেঞ্চুরির মালিক হয়ে যান মুমিনুল। একই ভেন্যুতে ছয়টি সেঞ্চুরি করে রিকি পন্টিং, গ্রাহাম গুচ, মাইকেল ভন ও ম্যাথু হেইডেনের পাশে নিজের নাম লেখালেন মুমিনুল।
সাগরিকায় গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে জোড়া পেয়েছিলেন মুমিনুল। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৫ রান। দিনকয়েক আগে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বছরের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান তিনি। সর্বশেষ গতকালেরটিসহ চলতি বছর চারটি টেস্ট সেঞ্চুরির মালিক তিনি।
মুমিনুল সম্পর্কে আরেকটি তথ্য জানিয়ে রাখা প্রয়োজন। আর তা হলো, তিনি সাগরিকার মাঠে এ পর্যন্ত ছয়বার পঞ্চাশ পেরিয়ে প্রত্যেকবারই পঞ্চাশকে শতকে পরিণত করেছেন। এতদিন ধরে ৮টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক ছিলেন চট্টগ্রামের আরেক ঘরের ছেলে তামিম ইকবাল। গতকালের সেঞ্চুরি দিয়ে তামিমের রেকর্ডে ভাগ বসালেন মুমিনুল। আরো মুন্সিয়ানা আছে মুমিনুলের আর তা হলো দেশের মাটিতেই সবচেয়ে বেশি শতরানের রেকর্ড। তার আটটি সেঞ্চুরিই দেশের মাঠে যা এখনও পর্যন্ত অন্যদের চেয়ে তাকে এগিয়ে রেখেছে।
