তিনদিন পর ভৈরব নদ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৬, ২১:১৮
তিনদিন পর খুলনার ভৈরব নদ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান মোল্লার (২০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব নদের ঘটনাস্থলের কয়েকশ’মিটার দূরে নোঙ্গরকৃত জাহাজের তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রবিবার সকাল ১০টার দিকে ভৈরব নদে গোসল করতে নেমে ইমরান নিখোঁজ হন। তিনি খুলনার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। ইমরান নগরীর শেখপাড়া মেইন রোড এলাকার আয়ুব মোল্লার ছেলে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার ওয়ার হাউজ ইন্সপেক্টর আবু বকর মৃধা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান ভৈরব নদের ৭ নম্বর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন। ঘটনার পর থেকে প্রায় তিনদিন ডুবুরিরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৭ নম্বর ঘাটে ঘটনাস্থলের ৭শ থেকে ৮শ  মিটার অদূরে নোঙ্গরকৃত ১০-১২টি জাহাজ সরিয়ে নেয়া হলে তার নিচ থেকে লাশটি ভেসে ওঠে।