‘জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনার মতো প্রমাণ নেই’

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১২:২৯
 
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ বলেছে, বিতর্কিত ইসলামী ধর্মপ্রচারক ও পিস টিভির কর্ণধার জাকির নায়েকের বিভিন্ন বক্তৃতা ও ভিডিও খতিয়ে দেখে তার বিরুদ্ধে কোনো মামলা রুজু করার মতো প্রমাণ মেলেনি।
 
ফলে তিনি ভারতে ফেরা মাত্র তাকে গ্রেফতার করারও কোনো সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে। মুম্বাই নিবাসী জাকির নায়েক এখনো বিদেশ সফর সেরে ভারতে ফেরেননি।
 
বিবিসির সংবাদদাতা জানিয়েছে, মুম্বাইনিবাসী জাকির নাইকের বিভিন্ন বক্তৃতার শত শত ইউটিউব ভিডিও ও সিডি গত কয়েকদিন ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে মহারাষ্ট্রের রাজ্য গোয়েন্দা বিভাগ বা সিড।
 
ওই বিভাগের পক্ষ থেকেই ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকাকে জানানো হয়েছে জাকির নায়েকের কোনো কোনো বক্তৃতায় বড় জোর ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ আনা যেতে পারে, কিন্তু ঐসব বক্তৃতার ভিত্তিতে তার বিরুদ্ধে এখনই মামলা করার কোনো সুযোগ নেই। তবে তারা তার গতিবিধি ও প্রতিটি পদক্ষেপে সতর্ক নজর রাখছেন বলেও জানানো হয়েছে।
 
ঢাকার গুলশানে হামলাকারী জঙ্গিদের কেউ কেউ ফেসবুকে জাকির নাইকে ফলো করত এবং তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিলেন। একথা সামনে আসার পর থেকেই জাকির নাইক এবং তার পিস টিভি নিয়ে বিতর্ক শুরু হয়। এরই জের ধরে সোমবার বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।-বিবিসি বাংলা।