জামালপুরে রেল পুলিশের পিটুনিতে (অব.) সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর (বারীক) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে রেলওয়ে থানায় নিহতের বড় ছেলে মিজানুর রহমান মুকুল বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- জিআরপি থানার ওসি গৌড় চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, টিকিট কালেক্টর (টিসি) আনিছুর রহমান ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই সোহরাব আলী। এদের মধ্যে ওসি গৌড় চন্দ্র মজুমদার এবং কনস্টেবল তপন বডুয়ায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া টিসি আনিছুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।
মুক্তিযোদ্ধা আব্দুল বারীর নামাজে জানাজার পূর্বে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম খোকা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মঙ্গলবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনীর একটি চৌকশ দল এবং পুলিশের একটি চৌকশ দল পৃথকভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, সোমবার সকালে জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রেল পুলিশের পিটুনিতে (অব.) সেনাসদস্য বীর মুক্তি যোদ্ধা আব্দুল বারী মাথায় মারাত্মক আহত হন। তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মারা যান।
