বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমারকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন শাখার উপ-সচিব স্বাক্ষরিত আদেশে ষ্ট্যান্ড রিলিজ করার কথা জানানো হয়। বৃহস্পতিবার তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য আদেশে উল্লেখ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা আহসান রোমেল বলেন, কী কারণে এ আদেশ দেয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল বাঢ়ীকে বরিশাল নগর ভবনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা কবে নাগাদ যোগদান করবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, গত ৯ জুন নগর ভবনে দুর্নীতির তদন্তে এসেছিলেন মন্ত্রণালয়ের তদন্ত টিম। বিসিসি সূত্র জানিয়েছে- তদন্তে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কারণেই প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হতে পারে।
বিসিসিতে নিয়ম বর্হিভূত পদোন্নতি ও আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া ব্যক্তিদের যোগদানের জন্য মোটা অংকের টাকা লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা মেয়র মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
