মহাখালীতে পুকুরে পড়ে শিশু নিখোঁজ

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১০:০৯
 
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুরে এক কন্যা শিশু ডুবে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার বিকালে ওই কন্যা শিশুটি খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে বুধবার সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
বুধবার দিবাগত রাত ১টা পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত করে।
 
শিশুটিকে উদ্ধারে বৃহস্পতিবার সকালে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সানজিদার খোঁজ পাওয়া যায়নি।
 
স্থানীয় সূত্র জানায়, দুই শিশু গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে ওই পুকুরের পাশে খেলা করছিল। তাদের মধ্যে এক শিশু কিছুক্ষণ পর এসে আশপাশের লোকজনকে জানায় তার সঙ্গে যে খেলা করছিল সে পানিতে পড়ে ডুবে গেছে। এরপর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। তারা না পেয়ে ঘটনাটি ফায়ার সার্ভিসে জানায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।