চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় হিউম্যান হলারের চাপায় এক ভ্রাম্যমাণ হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন (৫০)। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোটে। তিনি কাজির হাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
চান্দগাও থানার ওসি মো. শাহজাহান কবির জানিয়েছেন, মকবুল ভ্রাম্যমাণ হকার। তিনি রিকশাভ্যানে করে মালামাল বিক্রি করেন। সকালে একটি হিউম্যান হলার তাকে চাপা দেয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর মকবুলকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
এই ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে আটক করা হয়েছে।
