মাদারীপুরে বাসচাপায় আশিষ কুমার মণ্ডল (৪৯) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আশিষ মণ্ডল সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের কেডিডি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, আশিষ কুমার মাদারীপুর শহর থেকে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ফিরছিলেন। কাঠেরপুল এলাকায় বাস থেকে নামার পর অপর একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আশিষকে মুমূর্ষু অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
