রাশিয়া কখনো আমাকে পদত্যাগ করতে বলেনি: আসাদ

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৮:১৬
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, রাশিয়া কখনো তাকে ক্ষমতা ছাড়ার কথা বলেনি। তিনি বলেন, একমাত্র সিরীয় জনগণের অধিকার আছে বলার  কখন কে ক্ষমতায় আসবে আর কে যাবে।
 
মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার সংঘর্ষের জন্য বাশার আল আসাদকে দায়ী করে এবং বরাবরই বলে আসছে অবস্থা পরিবর্তনের জন্য তার পদত্যাগ করতে হবে। রাশিয়া বরাবরের মতো আসাদ সরকারকে কূটনৈতিক ও সামরিক সমর্থন দিয়েছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, একমাত্র রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়া বিষয়ে আলোচনা করতে মস্কো সফরের প্রাক্কালে বাশার আল আসাদ বলেন, রাশিয়া কখনো আমাকে পদত্যাগ করার কথা বলেনি। কারণ তাদের রাজনীতি কোনো ধরণের ‘ব্যবসা’ নয়। এটা তাদের মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। 
 
বাশার আরো বলেন, আর মাত্র কয়েক মাসের মধ্যে সিরিয়ায় তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। সিরিয়ায় জঙ্গিরা পিছু হটেছে শুধুমাত্র রাশিয়ার হস্তক্ষেপে। মার্কিন যুক্তরাষ্ট্র তথাকথিত ইসলামিক স্টেটকে দমনে খুব ‘সিরিয়াস’ না। তিনি বলেন, আমরা জঙ্গিদের হারাতে চাই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই জঙ্গিদের মাধ্যমে সিরীয় সরকারকে অপসারণ করতে চায়। বিবিসি।