উত্তরায় জেএমবির দুই সদস্য অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:১৯
 
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, কামরুজ্জামান ওরফে সাগর (২৪) ও রাশেদ গাজী ওরফে রাশেদ (২২)। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও নয়টি ককটেল উদ্ধার হয়েছে।
 

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরা ৬ নম্বর সেক্টরের র‌্যাব-১ চেকপোস্টে তল্লাশি করার সময় তাদেরকে আটক করা হয়। তাদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করতে চাইলে একজন দৌড় দেয়। পরে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। আটকদের কাছ থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও নয়টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো একটি বাজারের ব্যাগে করে বহন করছিল তারা। তারা জেএমবি’র সদস্য। তবে কি কারণে তারা ঐ সময় অস্ত্রশস্ত্র বহন করছিল তা জানা যায়নি। তবে এ ব্যাপারে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।