সাদুল্লাপুরে ২৫ বস্তা পলিথিন জব্দ, আটক ১

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:৪৪
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজার থেকে ২৫ বস্তা পলিথিনসহ আজাদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়।  আজাদুল ইসলাম ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ধাপেরহাট বাজারে নিষিদ্ধ পলি ব্যাগের ব্যবসা করেন।
 
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মোস্তাফিজুর রহমান জানান,  ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক বৃহস্পতিবার সকালে ধাপেরহাট কাচারী নামক এলাকায় ১৫ বস্তা নিষিদ্ধ পলিথিন রেখে যায়। পুলিশ ওই পলি ব্যাগগুলো মালিকানাবিহীন অবস্থায় জব্দ করে। পরে ওই পলি ব্যাগের মালিকানা দাবি নিয়ে ধাপেরহাট পুলিশ ফাঁড়িতে আজাদুল ইসলাম গেলে পুলিশ তাকে আটক করে। পরে আজাদুলের স্বীকারোক্তি মোতাবেক তার ধাপেরহাট বাজারের একটি গোডাউন থেকে আরো ১০ বস্তা  পলি ব্যাগ জব্দ করা হয়।