জঙ্গিবাদ-সাম্প্রদায়িক সন্ত্রাস, দুর্নীতি, হত্যা-ধর্ষণ বন্ধ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘১৫ জুলাই থেকে আমরা রাজপথে নামছি। সারাদেশে আমাদের কর্মসূচি থাকবে। গুলশান ও শোলাকিয়ার হামলা সরাসরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত। এ আঘাত প্রতিহত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই সরকার জঙ্গিবাদ ইস্যুটি রাজনৈতিকভাবে ব্যবহার না করে আন্তরিকভাবে সমাধান করবে।
বুধবার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার তার ফেসবুক পেইজে ভিডিও বার্তায় এসব কথা বলেন। এতে তিনি জানান, আগামীকাল ১৫ জুলাই বিকাল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে ‘নিরাপদ বাংলাদেশ চাই’— স্লোগানে শুরু হবে নাগরিক সমাবেশ ও পতাকা মিছিল কর্মসূচি।
ইমরান বলেন, গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁর নৃশংস হত্যাকান্ড, ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং সারাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আমরা আজ নাগরিক সমাবেশ ও পতাকা মিছিল করব।
