নোয়াখালীতে জামে মসজিদের এক সাবেক ইমামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাফেজ মাওলানা জহির উদ্দিন (৫৩)। জেলা সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। কৃষ্ণরামপুর গ্রামের মসজিদের ইমাম ছিলেন হাফেজ জহির।
নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, মাওলানা জহির উদ্দিন ৬ মাস আগে মসজিদের ইমামতি ছেড়ে দেন। রাত ১০টার দিকে নিজ ঘরে ঘুমাতে যান। তার কিছুক্ষণ পর তার ছোট ছেলে ওই ঘরে প্রবেশ করে বাতি বন্ধ দেখতে পায়। এ সময় পাশের ঘর থেকে হাফেজ জহিরের স্ত্রী ওই ঘরে প্রবেশ করে বাতি জ্বালিয়ে দেখতে পান জহির মেঝেতে বসা অবস্থায় খাটের সঙ্গে ঠেস দিয়ে আছেন ও তার গলা দিয়ে রক্ত ঝরছে। এ সময় তিনি মেঝেতে রক্ত মাখা একটি ছুরিও পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় তার স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ছয় সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন।
পরিবার বিষয়টি আত্মহত্যা দাবি করলেও পুলিশ বিষয়টি রহস্যজনক মনে করছে। খবর পেয়ে সদর থানা পুলিশ জহিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি থানায় ছিল। জহির আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে সেটি তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
