যশোরের সাবেক এমপি আলী রেজা রাজু আর নেই

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৮:১৫
 
যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আলী রেজা রাজু (৭১) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
 
আলী রেজা রাজু দীর্ঘদিন কিডনির নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। এজন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিত্সকরা শুক্রবার দুপুর ১২টা ৪৯ মিনিটে লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন।
 
আলী রেজা রাজুর ভাই মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার রাজেক আহমেদ জানান, আলী রেজা রাজুর জন্ম ১৯৪৫ সালে যশোর সদর উপজেলার কাশিমপুরে। মরহুম রাজু স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলী রেজা রাজু এক সময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি এই দলটির যশোর জেলা কমিটির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি বিএনপি থেকে যশোর-৩ (সদর) আসনে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগে যোগদানের পর দলটি তাকে যশোর সদর আসনে প্রার্থী মনোনীত করে এবং ওই নির্বাচনে তিনি ঘনিষ্ঠ দুই বন্ধু বিএনপির তরিকুল ইসলাম এবং জাতীয় পার্টির খালেদুর রহমান টিটোকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
 
সংসদ সদস্য ছাড়াও আলী রেজা রাজু স্থানীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর পৌরসভার কমিশনার, সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং যশোর  পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৪ সালে আওয়ামী লীগের কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। ২০১৫ সাল পর্যন্ত তিনি টানা প্রায় এক যুগ সভাপতির দায়িত্ব পালন করেন।
আলী রেজা রাজুর স্বজনরা জানিয়েছেন, তার মহদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। শনিবার তার মরদেহ যশোরে নিয়ে আসার কথা রয়েছে।