নাগরিকদের উদ্ধারে দ. সুদানে উগান্ডার সামরিক বাহিনী

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৮:২৮
ব্যাপকভাবে অস্ত্রে-শস্ত্রে সজ্জিত উগান্ডার সামরিক বহর দক্ষিণ সুদানের অভ্যন্তরে ঢুকেছে। দক্ষিণ সুদানের রাজধানী জুবায় সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে আটকে পড়া নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে সেনা পাঠানো হয়েছে বলে উগান্ডার কর্মকর্তারা জানিয়েছেন।
 
জুবায় নতুন সংঘর্ষের সম্ভাবনা নিয়ে জাতিসংঘের সতর্কতার একদিন পর উগান্ডা এই পদক্ষেপ নিলো। যদিও ব্যাপক সহিংসতার পর সেখানে দুই দিনের অস্ত্রবিরতি ছিল। ওই সহিংসতায় প্রায় তিনশ’ জনের মতো মানুষ নিহত হয়েছেন।
 
মেশিনগান লাগানো সাঁজোয়া যানের প্রহরায় প্রায় ৫০টি লরির সেনাবহর বৃহস্পতিবার জুবার দুইশ’ কিলোমিটার দূরে নিমুলে দিয়ে সীমান্ত অতিক্রম করে। উগান্ডার এই অভিযানের উদ্দেশ্য হল পলায়নরত বেসামরিক নাগরিকদের জন্য একটি নিরাপদ করিডর খুলে দেওয়া।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত উগান্ডার সেনাবাহিনী এরই মধ্যে জুবার ২০ কিলোমিটার দক্ষিণে নাসিতুতে পৌঁছে গেছে। আল জাজিরা জানিয়েছে, উগান্ডার সেনাবাহিনীর দক্ষিণ সুদানের ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট সিলভা কির অনুমোদন করেছেন।
 
এর আগে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের অনুগত বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর গত সোম ও মঙ্গলবার জুবায় দুই দিনের অস্ত্রবিরতি পালিত হয়। সংঘর্ষে কয়েকশ’ মানুষ হতাহতের পাশাপাশি হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। গণহত্যা প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং বলেছেন, কয়েকজন বেসামরিক নাগরিক কেবল জাতিগত কারণেই টার্গেটে পরিণত হয়েছেন।
 
জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৩৬ হাজার মানুষ জাতিসংঘের বিভিন্ন ঘাঁটি, গির্জা ও ত্রাণ সংস্থাগুলোর কম্পাউন্ডে আশ্রয় নিয়েছেন। সূত্র: আল জাজিরা