জঙ্গি তৎপরতার সমর্থনের অভিযোগ, কুয়েট ছাত্র ২ দিনের রিমান্ডে

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৪:৪৭
ফেসবুকে জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতার পাবনার বেড়া উপজেলা সদরের বাসিন্দা ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র মির্জা মো. রবিউল হাসান ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
শনিবার খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবাল শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান চন্দ্র সানা জানান, গুলশান হামলাকে সমর্থন করে ফেসবুকে জঙ্গি তৎপরতার অভিযোগে গ্রেফতার কুয়েট ছাত্র মির্জা মো. রবিউল হাসান ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করে। শনিবার থেকেই তাকে খানজাহান আলী থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
 
উল্লেখ্য, ফেসবুকে জঙ্গি তৎপরতার অভিযোগে বুধবার ভোর রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র মির্জা মো. রবিউল হাসান ইমনকে আটক করা হয়। এ ঘটনায় এসআই আব্দুর রাজ্জাক তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।