কুমিল্লার মুরাদনগর উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপরহণের পর দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে ছাত্রের পরিবার দাবি করেছে। অপহৃত রমজান আলী খাঁন (১১) উপজেলার কুড়াখাল এলাকার আলী আজ্জম খানের ছেলে ও স্থানীয় কুড়াখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
সুমানগঞ্জের জামালগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন ওরফে আশেককে ভণ্ডপীর উল্লেখ করে তার বিরুদ্ধে মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার থানায় শুক্রবার সন্ধ্যায় অপহরণের মামলা করেছে অপহৃতের বাবা আলী আজ্জম খান।
আলী আজ্জম জানান, তারা কয়েক বছর আগে ওই পীরের মুরিদ হয়েছিলেন। কয়েক দিন আগে স্ত্রী অসুস্থ হলে স্বামী আলী আজ্জম পীরকে তাদের বাড়িতে ডেকে নেন। দুই দিন বাড়িতে থেকে সুযোগ বুঝে ওই পীর সোমবার তাদের ছেলে রমজান আলীকে নিয়ে পালিয়ে যান। পরে গত বুধবার সন্ধ্যায় ওই পীর তাদের মোবাইল ফোনে দুই লাখ টাকা দাবি করেন। অন্যথায় শিশুটিকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়। ছেলেকে ফিরে পাওয়ার আশায় আলী আজ্জম পীরের দেয়া বিকাশ নম্বরে বিশ হাজার টাকা পাঠান। এতেও ওই পীর সন্তুষ্ট হয়নি। আরো টাকা না দিলে ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে আলী আজ্জম থানায় সাধারণ ডায়েরি করেন।
মুরাদনগর উপজেলা বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অচিরেই অপহরণকারীকে গ্রেফতার করা হবে।’
