চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় আরুয়া বিনতে জামাল নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় তার মা গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত বুলু আকতারকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার তালতল এলাকার দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী বুলু আকতার মেয়েকে নিয়ে মামাতো ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মৌলভীর দোকান আসেন। সেখানে তারা রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিলে শিশুটি ঘটনাস্থলে মারা যায় এবং মা গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, শিশুটি তার মায়ের সঙ্গে রাস্তার পাশে অপেক্ষা করছিল। এ সময় দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে শিশুটি ঘটনাস্থলে মারা যায়।
