বাগেরহাটে মানবতাবিরোধী অপরাধ মামলার ৪ আসামি গ্রেফতার

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৮:০৯
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বাগেরহাট ও খুলনার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে পাঠানো হবে।
 
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের মৃত মোক্তার আলী খানের ছেলে খান আকরাম হোসেন (৬০), একই উপজেলার চাপড়ি গ্রামের মৃত শেখ মোসলেম উদ্দিনের ছেলে শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৮২), কচুয়া উপজেলার যশোরদি গ্রামের মৃত গফুর আলী মোল্লার ছেলে ইদ্রিস আলী মোল্লা (৬৪) এবং একই উপজেলার উদনখালি গ্রামের মৃত সফদার মোল্লার ছেলে মো. মকবুল মোল্লা (৭৯)। 
 
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের গ্রেফতারী পরোয়ানা পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
 
আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় (মে থেকে ডিসেম্বর পর্যন্ত) বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলায় গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের সাতটি অভিযোগ আনা হয়েছে।