দ্বিতীয় বসন্ত

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৯:০৬

হিজল জোবায়ের

 

বসন্তে যারা জন্ম নিয়েছিল বছর না ঘুরতে কুয়াশা-নিথর শীতের অরণ্যে তাদের মর্মন্তুদ মৃত্যু হয়েছে। পুলিশের তাড়ায় গুলিবিদ্ধ কুকুরের মতো মৃত্যু হয়েছে তাদের। মানুষের গোশতে পশুর বিষাক্ত দাঁতের মতো গেঁথে আছে গুলি। গুম করা মরদেহ পচে উঠেছে অন্ধকারে, মাটির জারকে।

পাতাঝরা অরণ্য নিজের নগ্নতা দিয়ে সে দুঃখকে চিত্রিত করে।

কোনো ফুল ফিরতে পারেনি ঋতুচক্র শেষে। কোনো প্রেম ছুঁতে পারেনি দ্বিতীয় বসন্ত। কোনো নদী খুঁজে পায়নি তার আবর্তনপথ।

ঘাতকের গুলি এই বসন্ত নৈব নৈব চ

চোরাকারবারি এই বসন্ত নৈব নৈব চ

আউট-ল গেরিলার মতো বসন্ত নিজেও আর বসন্তে ফেরে না। আলেখ্যকুঞ্জের পাদরেখা ধরে হর্ষোন্মাদ বাতাস হয়ে বসন্ত একবারই আসে। চিরতরে যায়।