লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চিংড়ি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে রবিউল ইসলাম (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় হেলপার মোস্তকিনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৭ জুলাই) ভোর রাত ৪টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলিক মহাসড়কের খাইল্লার পোল এলাকায় কুড়িরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল সাতক্ষীরা জেলার থানাকাটা এলাকার রাজ্জাকের ছেলে।
সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দলকে উদ্ধার কাজ করতে দেখা গেছে। রাতেই স্থানীয় লোকজন হেলপারসহ তিনজনকে উদ্ধার করে রায়পুর ও লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে হেলপারের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা জেলা থেকে যশোর ঠ-১১-২২০১ নাম্বারের একটি ট্রাট চিংড়ি মাছ বোঝাই করে লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রাম ফিস হ্যাচারি ঘাটে যাচ্ছিল। পথে রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলিক মহাসড়কে খাইল্লার পোল এলাকার কুড়ির বাড়ীর সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে উদ্ধার কাজ চলছে। উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
