পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১০:১০
 
পঞ্চগড়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রতন ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের জগদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
রতন সদর উপজেলার মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাক পাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
 
পঞ্চগড় সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, সন্ধ্যায় সাইকেলের পেছনে চড়ে জগদল বাজার থেকে বাড়ি ফিরছিল রতন। এ সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তাদের সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রতন ও তার বাবা জাহিদুল ইসলাম পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে নিলে দায়িত্বরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।