জীবননগরে সাধুর আস্তানায় হামলা, আহত ৩, নিখোঁজ ১

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৬:০৭
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে বাউল তরিকাপন্থী এক সাধুর আস্তানায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। শনিবার রাতের এ হামলায় সাধু ভক্ত দুই মহিলাসহ ৩ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আস্তানার এক ভক্ত নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। 
 
পুলিশ, আস্তানার সাধু মুকুল হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকার বিভিন্ন গ্রাম থেকে সাধু ভক্তরা এসে অনুষ্ঠান শেষে রাতে আস্তানায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আস্তানায় ঢুকে এলোপাতাড়িভাবে ভক্তদের কোপাতে থাকেন। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী মুমূর্ষ অবস্থায় রশিদা বেগম (৬০), আব্দুর রহিম (৬৫) ও তার স্ত্রী বুলু বেগমকে (৫০) উদ্ধার করে। হামলার পর থেকে আস্তানার অপর এক ভক্ত কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের বক্স মন্ডল (৫০) নিখোঁজ রয়েছেন।
 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আনিছুর রহমান জানান, আহত রশিদার গলায় ও মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং আব্দুর রহিম ও বুলু বেগমকে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এছাড়া পিটিয়ে বুলু বেগমের ডান পা ভেঙ্গে দেয়া হয়েছে।
 
থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, আস্তানাটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করা হতো এমন কথা তিনি এখন শুনতে পাচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছিল। ক্ষুদ্ধ দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।