সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠার বার্ষিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহায়তায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহ্বায়ক আসাদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
পরে প্রাণ বৈচিত্র্য রক্ষায় উপজেলা পরিষদ চত্বরের গাছে গাছে ১৫০টি মাটির ভাড় বেঁধে দেন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরা। IMG0
উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণার মূল উদ্যোক্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী জানান, নানা কারণে পাখির আবাসস্থল কমে যাচ্ছে। কিন্তু পাখিসহ প্রকৃতির প্রতিটি প্রাণই আমাদের জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা চত্বরকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির কাজও করা হবে।
