ভারতের উত্তরাঞ্চলে ঘরে তৈরি বিষাক্ত মদ পান করে ১৭ জন শ্রমিক মারা গেছে এবং আরো বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়ছে। রবিবার উত্তর প্রদেশ রাজ্যের ইতাহ এলাকার পুলিশ জানায়, শুক্রবার রাতে অবৈধ মদ পান করে যারা মারা গেছে তারা বমি করে ও অসুস্থ হয়ে পড়ে।
তাদের পেটে মারাত্মক যন্ত্রণা হচ্ছিল বলে তারা জানান। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ঘটনায় শুক্রবার রাতে ১৭ জন মারা গেছে এবং গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন, পুলিশ স্থানীয় এক মদ বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করার পর এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, ওই বিক্রেতা মদে কিছু রাসায়নিক উপাদান মিশিয়েছে বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৫ জেলা কর্মকর্তাকে দায়িত্বে অবহেরার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছেন। তিনি এই ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। ভারতে প্রতিবছর বিষাক্ত মদ পান করে কয়েকশ দরিদ্র মানুষ মারা যায়। এএফপি।
